চুক্তি অনুসারে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পেতে এখনো আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে টিকা না পেলে টাকা ফেরত আনা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে যে অর্ডার দেওয়া হয়েছিল, তারমধ্যে ২ কোটি ৩০ লাখ টিকা এখনো পাইনি। তবে আমরা এখনো অপেক্ষায় আছি। জাহিদ মালেক বলেন, সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকোর সাথে যোগাযোগ রয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করছেন, আমরা টিকা পাবো।
তিনি বলেন, যদি আমরা এই টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা ফেরত নিয়ে আসতে হবে। তবে আমরা এখনো টিকা পাওয়ার আশা ছাড়িনি।
কতদিন আশায় থাকবেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যতদিন তারা আশ্বাস দেবে, আমরা ততদিন আশায় থাকবো।
প্রসঙ্গত, ভারত থেকে বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ টিকা কেনে। এজন্য আগ্রীম ৬০০ কোটি টাকার বেশি অর্থ দেওয়া হয়। তবে ভারত থেকে টিকা এসেছে মাত্র ৭০ লাখ। গত জানুয়ারিতে প্রথম চালানে সেরাম ৫০ লাখ টিকা পাঠায়। এরপর প্রতি মাসে আসার কথা ছিল সমপরিমাণ। তবে ফেব্রুয়ারিতে ২০ লাখ পাঠানোর পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা পাঠাতে পারেনি সেরাম।